back to top

শিক্ষা ব্যবস্থায় ব্লেন্ডেড পদ্ধতি চালুর চিন্তা সরকারের

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ০৮:১১

শিক্ষা ডেস্ক : সরকার অনলাইন ও অফলাইনের সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতিতে দেশের শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন ও অন্যান্য কারণে সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের সময়সূচি বিঘ্নিত হয়েছে।

এই ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। একইসঙ্গে অনলাইন শিক্ষাকে গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

এক জরিপের বরাতে শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন।

তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে—এ বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা কাজ করছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুতে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কি না, সে বিষয়েও আলোচনা চলছে।

তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।

এছাড়া মহানগরীগুলোর ট্রাফিক জট, জ্বালানি সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার মতো বিকল্প বিষয়গুলোও বিবেচনায় রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি