কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৬ নারী ও এক শিশুসহ সাত জন ভিকটিমকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে টেকনাফ দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে অবৈধভাবে আটকে রাখা হয়েছে।
ওই তথ্যের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ মোট সাত জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মানবপাচার প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



