বাংলাদেশের পর্বতারোহণ অঙ্গনে আরেকটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন অভিজ্ঞ পর্বতারোহী বাবর আলী।
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালু (৮,৪৮৫ মিটার) জয়ের লক্ষ্যে তার নতুন অভিযান ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব-এ আয়োজিত ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজন করে পর্বতারোহণ সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়বেন বাবর আলী। কাঠমান্ডু পৌঁছে টুমলিংটার হয়ে ট্রেকিংয়ের মাধ্যমে বেস ক্যাম্পে যাবেন তিনি।
সেখান থেকেই শুরু হবে মূল আরোহন অভিযান, যা সম্পন্ন হতে প্রায় ৫০ দিন সময় লাগতে পারে। সবকিছু অনুকূলে থাকলে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে চূড়ায় ওঠার চেষ্টা করা হবে।
বাবর আলী বলেন, বিশ্বের ১৪টি আট হাজার মিটার উচ্চতার পর্বত জয়ের স্বপ্ন তার দীর্ঘদিনের। ইতোমধ্যে তিনি চারটি শৃঙ্গ জয় করে সেই স্বপ্নপূরণের পথে অনেকটাই এগিয়েছেন।
মাকালু সেই যাত্রার গুরুত্বপূর্ণ ধাপ। শুরুতে পাকিস্তানের নাঙ্গা পর্বত লক্ষ্য থাকলেও অর্থসংকট ও আঞ্চলিক পরিস্থিতির কারণে পরিকল্পনা পরিবর্তন করা হয়।
মাকালুকে তিনি একটি “চ্যালেঞ্জিং” পর্বত হিসেবে উল্লেখ করে বলেন, এর খাড়া ঢাল ও প্রবল বাতাস আরোহীদের জন্য বড় পরীক্ষা। তবে সেই চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। বক্তব্য দেন ক্লাবটির উপদেষ্টা শিহাব উদ্দীন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল।
অনুষ্ঠানে বাবর আলীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়, যা এই অভিযানের প্রতীকী তাৎপর্য বহন করে।
২০১৪ সাল থেকে পর্বতারোহণে সক্রিয় বাবর আলীর ঝুলিতে ইতোমধ্যে রয়েছে একাধিক সাফল্য। তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ এবং মানাসলু জয় করেছেন।
বিশেষ করে ২০২৫ সালে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু জয়ের মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এক অনন্য কৃতিত্ব অর্জন করেন।
এর আগে ২০২২ সালে তিনি আমা দাবলাম শৃঙ্গ জয় করেন। ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করে বিরল সাফল্যের নজির গড়েন।
এই মাকালু অভিযানটি তার আট হাজার মিটার উচ্চতার পর্বতে পঞ্চম অভিযান, যা সফল হলে বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে আরেকটি নতুন মাইলফলক যুক্ত হবে।
বাংলাদেশের পতাকা উড়ানোর প্রত্যয়ে এগিয়ে চলা বাবর আলীর এই অভিযাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়—এটি এক জাতির স্বপ্ন, সাহস ও সীমা অতিক্রমের প্রতীক।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



