back to top

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ পার হলো চীনা জাহাজ

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৭:২৮

বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ-অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে চীনের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কার, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

এলএসইজি-র শিপিং তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, ‘রিচ স্টারি’ নামের এই ট্যাঙ্কারটি চীনের মালিকানাধীন এবং এতে চীনা ক্রু অবস্থান করছেন।

ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, মাঝারি পাল্লার এই ট্যাঙ্কারটি আগে ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল এবং ইরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার অভিযোগে ২০২৩ সালে ওয়াশিংটন এটিকে কালো তালিকাভুক্ত করেছিল।

তবে বর্তমান যাত্রায় জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার আগে ইরানি বন্দরে ভিড়েছিল কি না বা এতে কোনো পণ্য বোঝাই ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, পারস্য উপসাগর ত্যাগের জন্য ট্যাঙ্কারটি গত ২৪ ঘণ্টায় দুইবার চেষ্টা চালায়।

প্রথমবার ইরান-এর কেশম দ্বীপসংলগ্ন জলপথ দিয়ে অগ্রসর হলেও ফিরে আসে। পরে পুনরায় যাত্রা শুরু করে এবং সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে।

জাহাজটি তার পরিচয় ও ক্রুদের জাতীয়তা বার্তা ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করে, যা সমুদ্রপথে নিরাপত্তা কৌশল হিসেবে বিবেচিত হয়। তবে এটি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।

বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক চীন-এর সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের এমন পদক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র সরাসরি ব্যবস্থা নেবে কি না, তা এখন আন্তর্জাতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ-অবরোধ কার্যকর হওয়ার পর থেকেই বৈশ্বিক জ্বালানি বাজার ও শিপিং খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান অবরোধের সুনির্দিষ্ট নির্দেশনা স্পষ্ট না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালির এই পরিস্থিতি বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্র যদি কঠোর অবস্থান নেয়, তাহলে তা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তেজনার জন্ম দিতে পারে।

অন্যদিকে, কোনো পদক্ষেপ না নিলে অবরোধের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠতে পারে।

সব মিলিয়ে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ এখন বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির এক স্পর্শকাতর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান