সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মেহেরা নামে দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার পিতা ওসমান গণির বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আটটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির মামা জাহেদ জানান, সকালে ওসমান গণি তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বলেন। চা আনতে কিছুটা দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ওসমান গণি ক্ষিপ্ত হয়ে সুমাইয়ার কোল থেকে তাদের কন্যাশিশুকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মাহিরার চাচা রোমানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



