back to top

রাঙামাটিতে ব্রাশফায়ারে ইউপিডিএফ নেতা ধর্ম সিংহ নিহত, ২ বোন গুলিবিদ্ধ

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৫:০৭

রাঙামাটি সদর উপজেলায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্ম সিংহ চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক নেতা নিহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ধর্ম সিংহ চাকমা ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন।

ইউপিডিএফের অভিযোগ, শুক্রবার সকাল ৭টার দিকে নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্ম সিংহ চাকমা। এ সময় জন সংহতি সমিতির (জেএসএস) ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে।

পরে তিনি পালানোর চেষ্টা করলে অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ধর্ম সিংহ চাকমার দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানিয়েছে ইউপিডিএফ।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাতে গুলিবিদ্ধ দুই নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, “আমি শুনেছি একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।”

তবে এ বিষয়ে জন সংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিক্ষোভের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি