নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ হাজার ৪০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় একটি ভাউচার গাড়িসহ চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন।
আটক ব্যক্তিরা হলেন— মো. রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তাঁরা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে অবস্থিত আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করার তথ্য পাওয়া যায়।
পরে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করে চারজনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনউদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



