back to top

জল্লাপাড় সিটি পার্কে ট্র্যাজেডি: পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৭:৪৭

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের জল্লাপাড় সিটি পার্ক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো আল আমিন (১০) ও ইব্রাহিম (৮)। তারা সিরাজগঞ্জের বাসিন্দা হলেও পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় দুই ভাই।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা আর ফিরে আসেনি। এতে উদ্বিগ্ন হয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে লেকের পাড়ে দুই শিশুর কাপড় ও জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের।

পরে স্থানীয়দের সহায়তায় লেক এলাকায় তল্লাশি চালানো হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুই সহোদরের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মাঝেও নেমে এসেছে গভীর শোক ও বিষণ্নতা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি