back to top

লেদা ক্যাম্পে গণপিটুনিতে প্রাণ গেল নুর হাসান ওরফে ‘বাইন্না’র

প্রকাশিত: ০২ মে, ২০২৬ ১০:৫৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গণপিটুনিতে নুর হাসান (৩২) ওরফে ‘বাইন্না’ নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত নুর হাসান আলোচিত একজন ডাকাত হিসেবে পরিচিত ছিলেন।

শুক্রবার রাতে টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের নুর আলী সড়কের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নুর হাসান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোস্তাফা কামালের ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিটুনির আগে আশ্রয়শিবিরের পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুটি সশস্ত্র দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। নুর হাসান ওই দুটি দলের একটির সদস্য ছিলেন।

গোলাগুলির ঘটনার পর সন্ধ্যায় নুর হাসান স্থানীয় একটি পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের সদস্যরা তাঁকে দেখতে পেয়ে আটক করেন। পরে তাঁকে মারধর করা হয়।

রাত সাড়ে আটটার দিকে তাঁকে উদ্ধার করে প্রথমে আইওএম পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্প-২৬ এলাকায় ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি