back to top

সিরিজ জয়ের স্বপ্নে এগোচ্ছে টাইগাররা,বৃষ্টিতে বিরতি!

প্রকাশিত: ০২ মে, ২০২৬ ১১:৩৮

মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।

তবে শুরুটা খুব একটা মসৃণ হয়নি স্বাগতিকদের। পাওয়ার প্লের ছয় ওভারে ৪৩ রান তুলতেই হারাতে হয় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

শুরুর ধাক্কা সামলাতে পারেননি ওপেনার তামজিদ হাসান তামিম। ১০ বলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি।

আরেক ওপেনার সাঈফ হাসান কিছুটা আগ্রাসী ছিলেন। ১১ বলে ১৬ রান করে চতুর্থ ওভারে বিদায় নেন। এরপর পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ।

প্রথমে তানজিদ, পরের বলেই শূন্য রানে ফেরান পারভেজ হোসেন ঈমনকে। চাপের মুখে বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক লিটন দাশ।

দারুণ আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে মাত্র ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন তাওহিদ হৃদয়। দুজনের জুটিতে বাংলাদেশ ধীরে ধীরে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল।

কিন্তু ঠিক তখনই আসে প্রকৃতির হস্তক্ষেপ। ৬.৪ ওভার শেষে, বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। এমন সময় নামে বৃষ্টি। আপাতত খেলা বন্ধ রয়েছে।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পিঠের চোটে ছিটকে যাওয়া তানজিম হাসান সাকিব এর জায়গায় ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাঈফুদ্দিন।

একাদশে জায়গা ধরে রেখেছেন রিপন মন্ডল। তবে অপেক্ষা আরও দীর্ঘ হলো আব্দুল গাফ্ফার সাখলায়েনের।

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জয়ের দারুণ সুযোগ বাংলাদেশের সামনে।

প্রথম ম্যাচ জিতেছিল টাইগাররা, আর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

ফলে আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। এমনকি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও ট্রফি উঠবে লিটন দাশের হাতেই।

অন্যদিকে, জিতলেই সিরিজে সমতা ফেরাবে নিউজজিল্যান্ড ক্রিকেট দল। ফলে বৃষ্টি থামলে জমে উঠবে রোমাঞ্চকর এক ফয়সালার লড়াই।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি