back to top

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: কপাল ফেটে রক্তাক্ত চবির ছাত্রী

প্রকাশিত: ০৬ মে, ২০২৬ ০৮:৫৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ইসরাত ফাতেমা নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (আজ) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

আহত ইসরাত ফাতেমা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে নিউমার্কেটের বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর তাঁর কপালে এসে আঘাত করে। এতে তাঁর কপাল ফেটে রক্তপাত শুরু হয়।

ঘটনার পরপরই সহপাঠীরা দ্রুত তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারহানা ইয়াসমিন জানান, ইসরাত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক নয়। তাঁর কপালের ক্ষতস্থানে একটি সেলাই দেওয়া হয়েছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, শাটল ট্রেনে পাথর নিক্ষেপের পুনরাবৃত্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা এ ধরনের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, যেসব স্থানে এ ধরনের ঘটনা ঘটছে, সেসব এলাকার পার্শ্ববর্তী বস্তি বা দখল করা স্থান উচ্ছেদের বিষয়ে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

পাশাপাশি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে আসবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি