back to top

হাম আতঙ্কে দেশ: নতুন আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে উদ্বেগ

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৫:০৬

দেশে হাম পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বা হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ১ হাজার ৫০৩ জন সন্দেহজনক হাম রোগী এবং ২০৫ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৮১৯ জন।

এই সময়ে মোট ৩৪ হাজার ৯০৯ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০ হাজার ৮৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্তদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। না হলে সংক্রমণ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি