back to top

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ০৯:২৬

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলীতে একটি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উত্তর কাট্টলীর কর্নেল জোন্স সড়কের কলাবাগান মহিম মাস্টারের বাড়ির সামনে খুঁটিতে ট্রান্সফরমার পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

তাৎক্ষনিক মৃত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া না গেলেও তিনি পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগের অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরিত ট্রান্সফরমার পরিবর্তনের পর খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ওই শ্রমিক।

এক পর্যায়ে মৃত ব্যক্তির শরীর দিয়ে ধোঁয়া বের হতে দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সে খুঁটি থেকে নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আশেক।