back to top

কয়েক ঘণ্টার ব্যবধানে একই ইউনিয়নে দুই সড়ক দুর্ঘটনা, উদ্বিগ্ন স্থানীয়রা

এবার বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ০১ জুন, ২০২৬ ১৬:০৩

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বরিউল হোসেন রবি (২৪)। তিনি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেলের দিকে রবি মোটরসাইকেলে করে নয়াবাজার এলাকা অতিক্রম করছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে রবি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহীও গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক বরিউল হোসেন রবিকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবি আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এর আগে একই দিনে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় বিআরটিসির একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ একাধিক প্রাণহানির ঘটনা ঘটে।

কয়েক ঘণ্টার ব্যবধানে একই ইউনিয়নে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

এলাকাবাসী মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি