দুই ম্যাচে দুই জয়, মেক্সিকোর দাপট; কারা যাবে শেষ ৩২-এ?

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ১০:৩৯

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে স্পষ্ট হয়েছে একটি বিষয়—এই গ্রুপ থেকে সবার আগে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে মেক্সিকো

তবে বাকি দলগুলোর ভাগ্য এখনো ঝুলে আছে শেষ ম্যাচের ফলাফলের ওপর, আর সেই কারণেই গ্রুপটির উত্তেজনা পৌঁছে গেছে নতুন উচ্চতায়।

বৃহস্পতিবার গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় মেক্সিকো। ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস রোমো।

তাঁর সেই মূল্যবান গোলই মেক্সিকোকে শুধু তিন পয়েন্টই দেয়নি, নিশ্চিত করেছে পরবর্তী রাউন্ডের টিকিটও।

অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে দেখা গেছে নাটকীয়তা। ম্যাচের শুরুতে মিখাল সাদিলেকের গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। জয়ের পথেই এগোচ্ছিল তারা।

কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। ফলে ১-১ ড্রয়ে শেষ হয় গুরুত্বপূর্ণ এই লড়াই।

দ্বিতীয় রাউন্ড শেষে গ্রুপ ‘এ’-এর পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মেক্সিকো। দুই ম্যাচে দুই জয় নিয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, তাদের পয়েন্ট ৩।

তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। দুই দলেরই পয়েন্ট ১ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে চেকরা। তাদের গোল ব্যবধান -১, আর দক্ষিণ আফ্রিকার -২।

মেক্সিকো ইতোমধ্যেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করলেও বাকি তিন দলের সামনে এখনো খোলা রয়েছে সুযোগের দরজা। দক্ষিণ কোরিয়ার জন্য সমীকরণ তুলনামূলক সহজ।

শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই তারা শেষ ৩২-এ উঠে যাবে। এমনকি ড্র করলেও তাদের কাজ হয়ে যাবে। কারণ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে হেড টু হেডে এগিয়ে আছে কোরিয়ানরা।

অন্যদিকে চেক প্রজাতন্ত্রের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। শেষ ম্যাচে তাদের হারাতে হবে শক্তিশালী মেক্সিকোকে।

পাশাপাশি প্রার্থনা করতে হবে, দক্ষিণ আফ্রিকার কাছে যেন হেরে যায় দক্ষিণ কোরিয়া। তাহলেই সরাসরি পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বেঁচে থাকবে।

তবে চেকদের জন্য আরেকটি সম্ভাবনাও রয়েছে। পুরো প্রতিযোগিতার সেরা আট তৃতীয় স্থান অধিকারী দলও শেষ ৩২-এ খেলার সুযোগ পাবে। তাই গ্রুপে তৃতীয় হলেও তাদের আশা পুরোপুরি শেষ হয়ে যাবে না।

কিন্তু যদি মেক্সিকোর সঙ্গে ড্র করে বা হেরে যায়, আর দক্ষিণ আফ্রিকা কোরিয়ার কাছে পরাজিত হয়, তাহলে তৃতীয় স্থান ধরে রাখলেও সেরা আট তৃতীয় দলের তালিকায় জায়গা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

দক্ষিণ আফ্রিকার সমীকরণ সবচেয়ে ভিন্ন। তাদের সামনে একটাই লক্ষ্য—শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে। পাশাপাশি মেক্সিকোকেও হারাতে হবে চেক প্রজাতন্ত্রকে।

এই দুই ফল একসঙ্গে মিললে হেড টু হেডে এগিয়ে থাকার সুবাদে দক্ষিণ কোরিয়াকে টপকে সরাসরি গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা।

ফলে গ্রুপ ‘এ’-তে মেক্সিকোর যাত্রা আপাতত নিশ্চিন্ত হলেও বাকি তিন দলের জন্য শেষ ম্যাচ হতে যাচ্ছে ভাগ্য নির্ধারণের লড়াই।

কে পাবে সরাসরি শেষ ৩২-এর টিকিট, আর কে তাকিয়ে থাকবে সেরা তৃতীয় দলের তালিকার দিকে—তার উত্তর মিলবে শেষ রাউন্ডের নাটকীয় লড়াইয়ে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি