বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে সেলেসাওরা।
শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলের বড় লিড নেয় কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরুতে একাধিক সুযোগ মিস করলেও ২৩তম মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। ভিনি জুনিয়রের শট ফিরিয়ে দিলেও রিবাউন্ড থেকে গোল করেন মাতেউস কুনিয়া।
এরপর ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনিয়া। মাঝমাঠ থেকে ভিনি জুনিয়রের অসাধারণ পাস থেকে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের নামও স্কোরশিটে লেখান ভিনি জুনিয়র। পাকেতার পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন তিনি।
ইনজুরির কারণে এর আগে মাঠ ছাড়তে হয় রাফিনিয়াকে, যার বদলি হিসেবে মাঠে নামেন রায়ান।
ম্যাচের শুরুতে কিছু সুযোগ নষ্ট হলেও শেষ পর্যন্ত দুর্দান্ত আক্রমণভাগের প্রদর্শনী দেখিয়ে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
নীল অ্যাওয়ে কিট পরে মাঠে নেমে এই ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স আরও ভয়ঙ্কর রূপ নেয়, যা প্রতিপক্ষ হাইতির জন্য বড় চাপ হয়ে দাঁড়ায়।
দ্বিতীয়ার্ধে আরও বড় ব্যবধান গড়ার প্রত্যাশা নিয়েই মাঠে নামে সেলেসাওরা।

