মাঠে নামলেই যেন নতুন কোনো ইতিহাস অপেক্ষা করে থাকে লিওনেল মেসির জন্য।
বিশ্বকাপের চলতি আসরে আর্জেন্টাইন অধিনায়কের প্রতিটি ম্যাচই যেন রেকর্ড বইয়ের নতুন একটি অধ্যায় লিখছে। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি অনন্য কীর্তি।
জর্ডানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই একাদশে ছিলেন না মেসি। বেঞ্চে বসেই ম্যাচের শুরুটা দেখেন আর্জেন্টাইন মহাতারকা।
আরও পড়ুন
তবে ম্যাচের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামতেই বদলে যায় দৃশ্যপট।
মাঠে নামার কিছুক্ষণ পরই নিজের চেনা ভঙ্গিতে ফ্রি-কিক থেকে বল জড়িয়ে দেন জালে।
দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই গড়ে ওঠে আরেকটি ইতিহাস। এই গোলের সুবাদে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য কীর্তিতে নিজের নাম লিখিয়ে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচে বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি।
জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে এখন এককভাবেই শীর্ষস্থান নিজের করে নিয়েছেন তিনি।
শুধু তাই নয়, চলমান বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল।
ধারাবাহিক সেই দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার যোগ হলো জর্ডানের বিপক্ষেও একটি দৃষ্টিনন্দন ফ্রি-কিক গোল।
লিওনেল মেসির ক্যারিয়ারজুড়ে রেকর্ড যেন নিয়মিতই সঙ্গী। আর বিশ্বকাপের এই মঞ্চে তিনি বারবার প্রমাণ করে চলেছেন—বড় আসরের বড় মুহূর্তগুলো এখনো তার পায়ের জাদুতেই রচিত হয়।
মাঠে তিনি নামবেন, আর নতুন কোনো ইতিহাস তৈরি হবে না—এমন দৃশ্য যেন এখন সত্যিই কল্পনা করাও কঠিন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

