বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দকে ঘিরে দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছিল।
তবে এসব বিষয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলেছেন তার স্ত্রী সুনীতা আহুজা।
এবার একটি রিয়েলিটি শোর মঞ্চে দাঁড়িয়ে দাম্পত্য জীবন, সম্পর্কের কঠিন সময় এবং পরকীয়ার গুঞ্জন নিয়ে অকপট মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি ‘লক আপ ২’-এ প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন সুনীতা আহুজা।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বেই আলোচনায় উঠে আসে গোবিন্দের ব্যক্তিগত জীবন। সেখানেই সম্পর্কের বাস্তবতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
সুনীতা বলেন, ‘কাউকে ভালোবাসার অর্থ শুধু ভালো সময়ের পাশে থাকা নয়, সম্পর্কের কঠিন সময়গুলোকেও মেনে নেওয়া।’
গোবিন্দের জীবনে পরকীয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গোবিন্দ জীবনে কতগুলো পরকীয়া করেছে? আপনি প্রশ্ন করলে এই উত্তর আমি দিতে পারব না।
অনেক সহ্য করেছি। অভিনেতা-অভিনেত্রীদের পরকীয়া থাকে, সেটা ঠিক কথা।’
দীর্ঘ দাম্পত্য জীবনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এত বছর ধরে গোবিন্দকে সাপোর্ট করার পরে, পরের জন্মে আমি তার মতো ছেলে হওয়ার যোগ্য।’
অনুষ্ঠানে উঠে আসে গোবিন্দের পায়ে গুলি লাগার সেই বহুল আলোচিত ঘটনাও।
বিষয়টি স্মরণ করে সুনীতা বলেন, ‘জীবনে অন্য কেউ চলে আসলেই এমন দুর্ঘটনা ঘটে।’ এরপর সে সময়ের একটি পুরোনো গুঞ্জনের কথাও উল্লেখ করেন তিনি।
একসময় বিভিন্ন মহলে আলোচনা হয়েছিল, গোবিন্দকে নাকি গুলি করেছিলেন সুনীতাই।
সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে রসিকতার সুরে তিনি বলেন, ‘আমি কখনো লক্ষ্যভ্রষ্ট হই না।’ তার এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যেও হাসির রোল পড়ে।
গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য জীবন বহু বছর ধরেই বলিউডে আলোচিত। কখনো বিচ্ছেদের গুঞ্জন, কখনো পরকীয়ার আলোচনা—বিভিন্ন সময়ে নানা জল্পনা-কল্পনা ঘিরে ছিল এই তারকা দম্পতিকে।
তবে এবার সুনীতার মুখে সম্পর্কের উত্থান-পতন, সহনশীলতা এবং ভালোবাসার যে ব্যাখ্যা উঠে এসেছে, তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘদিনের গুঞ্জনের বিষয়ে সরাসরি সংখ্যা বা নির্দিষ্ট কোনো ঘটনার সত্যতা নিশ্চিত না করলেও, সুনীতা আহুজার বক্তব্যে স্পষ্ট হয়েছে—দাম্পত্য জীবনের নানা কঠিন সময় পেরিয়েই আজও তারা একসঙ্গে পথ চলছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


