আমজাদের শেষ চেষ্টা ভেস্তে গেল, নির্ধারিত সূচিতেই বিএসবিআরএ নির্বাচন

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬ ০০:৩৪

প্রার্থিতা বাতিলের পর আপিল, বিচারিক লড়াই, সর্বশেষ হাইকোর্টে নির্বাচন স্থগিতের আবেদন। একটির পর একটি আইনি প্রচেষ্টা হয়েছিল। কিন্তু কোনো ক্ষেত্রেই মিলেনি কাঙ্ক্ষিত ফল।

আদালতের সর্বশেষ অবস্থানের পর স্পষ্ট, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে।

দীর্ঘ আইনি টানাপোড়েনের পর আপাতত শেষ হয়েছে অনিশ্চয়তার অধ্যায়। আগামীকাল ৪ জুলাই বিএসবিআরএ নির্বাচন। নির্ধারিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে গেল বেশ কিছুদিন ধরেই সংগঠনটির সকল সদস্যের চোখ ছিল আদালতের দিকেই। সকলের মনেই প্রশ্ন জাগত, নির্বাচন কি আবারও আটকে যাবে? নাকি দীর্ঘ আইনি টানাপোড়েনের অবসান ঘটবে?

অবশেষে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর সদস্যদের উত্তর পেয়েছে হাইকোর্টের সর্বশেষ অবস্থানে।

আদালত নির্বাচন স্থগিত করেননি। ফলে ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ৪ জুলাই নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। আইনগতভাবেও এখন আর কোনো বাধা নেই।

আদালত-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, নির্বাচন বোর্ডের ২৫ মে ২০২৬-এর আদেশ এবং ২৯ জুন প্রকাশিত নির্বাচনী বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেছিলেন আমজাদ হোসেন চৌধুরী।

কিন্তু শুনানি শেষে হাইকোর্ট আবেদনটি কেবল রেকর্ডে রাখার নির্দেশ দেন। নির্বাচন স্থগিতের কোনো আদেশ দেননি।

আইনজীবীর সার্টিফিকেটেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—বিএসবিআরএ-২০২৬ নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই।

ঘটনার সূত্রপাত আরও আগে। ঋণখেলাপি-সংক্রান্ত কারণে নির্বাচন বোর্ড আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বাতিল করে। পরে আপিল এবং বিচারিক প্রক্রিয়াতেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।

এর ফলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারান তিনি। এরপর নির্বাচন স্থগিতের লক্ষ্যে একের পর এক আইনি পদক্ষেপ নেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো উদ্যোগই কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি।

নির্বাচন-সংশ্লিষ্টদের ভাষ্য, ধারাবাহিক আইনি প্রক্রিয়ার কারণে ভোটের সময়সূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে আদালতের সর্বশেষ অবস্থানের পর সেই অনিশ্চয়তা কেটে গেছে। ইতোমধ্যে নির্ধারিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, দেশের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সংগঠনের নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের আইনি বিরোধ সদস্যদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিল।

আদালতের সর্বশেষ সিদ্ধান্তে সেই অধ্যায়ের কার্যত সমাপ্তি ঘটেছে। এখন দৃষ্টি একটাই—শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেওয়া।

এর আগে গত সোমবার (২৯ জুন) বিএসবিআরএ নির্বাচন বোর্ড প্রকাশিত সংশোধিত নির্বাচনী তফসিল ও পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ৪ জুলাই বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি