এফডিসির ভোটে নতুন নেতৃত্ব,সভাপতি শিবা শানু-সম্পাদক জয় চৌধুরী

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬ ০৯:৪৩

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে এক জমকালো ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নতুন নেতৃত্ব নিশ্চিত হয়েছে। নানা নাটকীয়তা আর রাতভর ভোট গণনা শেষে বড় জয় পেয়েছে ‘শিবা শানু-জয় চৌধুরী’ প্যানেল।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন দাপুটে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী।

শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে আজ শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন শিল্পী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে নানা কারণে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

শীর্ষ দুই পদের ভোটের লড়াই নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অভিনেতা শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রখ্যাত ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

সম্পাদকীয় পদে অন্য যাঁরা জয়ী হলেন এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে ডিএ তায়েব ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে অন্য দুই হেভিওয়েট প্রার্থী নূতন ২০৪ ভোট এবং রোজিনা ১৫২ ভোট পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ অভিনেতা সুব্রত। তাঁর প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী চুন্নু পেয়েছেন ১৮২ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির সর্বোচ্চ ২৭২ ভোট পেয়ে বিশাল জয় সুনিশ্চিত করেন। তাঁর বিপরীতে পপি পেয়েছেন ১৪৪ ভোট।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ত্রিমুখী লড়াইয়ে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই পদে ইউসুফ খান ৭২ ভোট এবং মুশফিকুল জামিল ১১৮ ভোট পেয়েছেন।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল, তাঁর প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে জয়ী একাদশ ভোটারদের রায়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রাঙ্গনের চেনা মুখ— আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

উৎসবের আমেজ ও দীর্ঘ রাত গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে— ‘আরমান-মুক্তি পরিষদ’ বনাম ‘শিবা শানু-জয় চৌধুরী পরিষদ’।

নির্বাচনী প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি এবং ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কারণে চলচ্চিত্রাঙ্গন ছিল বেশ সরগরম।

শুক্রবার সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় কড়া নিরাপত্তায় ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু করে নির্বাচন কমিশন।

দীর্ঘ সময় ধরে নিখুঁতভাবে ভোট গণনার পর শনিবার ভোরের আলো ফোটার ঠিক আগে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর সামগ্রিক তত্ত্বাবধানে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

নতুন এই কমিটির হাত ধরে আগামী দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পরিচালিত হবে।

শিল্পীদের অধিকার রক্ষা, সাধারণ ও অসচ্ছল শিল্পীদের কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং দেশের সামগ্রিক চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এই নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে— এমনটাই প্রত্যাশা দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ও সাধারণ দর্শকদের।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি