বোয়ালখালী পৌর সদরের বুড়িপুকুর পাড় রেললাইন সংলগ্ন এলাকা। চারপাশের চেনা কোলাহলের আড়ালেই চলছিল নেশার নীল বিষ-ইয়াবা কেনাবেচার গোপন কারবার। তবে শেষ রক্ষা হয়নি।
পুলিশের অতর্কিত অভিযানে ২৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন মো. মফিজুর রহমান মফিজ (৪০) নামের এক মাদক কারবারি।
শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মফিজুর রহমান মফিজ বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।
দীর্ঘদিন ধরেই তিনি গোপনে এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযান পরিচালনাকারী বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সূত্রে আমরা জানতে পারি রেললাইন সংলগ্ন বুড়িপুকুর পাড় এলাকায় মাদক কেনাবেচা চলছে।
তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে মফিজুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর।”
জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আজ রবিবার আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাদকের কড়াল গ্রাস থেকে বোয়ালখালীকে মুক্ত রাখতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এলাকাবাসীর মতে, মাদকের এই ছোট ছোট আস্তানাই একসময় পুরো সমাজের তরুণ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।
প্রশাসনের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

