বিশ্বকাপে শক্তির সেরা মঞ্চ, মুখোমুখি চার বিশ্বজয়ী

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১৫:২৬

এক মাসের রোমাঞ্চ, নাটকীয়তা আর অগণিত স্মরণীয় মুহূর্ত পেরিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ পৌঁছে গেছে সবচেয়ে প্রতীক্ষিত অধ্যায়ে।

এখন আর কোনো হিসাব-নিকাশ নয়,শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রয়োজন মাত্র দুটি জয়। সেই স্বপ্নের লড়াইয়ে টিকে আছে ফুটবল বিশ্বের চার পরাশক্তি-আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন।

এবারের বিশ্বকাপের সেমিফাইনাল শুধু চারটি দলের লড়াই নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, তারকাদের স্বপ্ন আর আধিপত্য ধরে রাখার এক অনন্য মঞ্চ।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই ডালাস স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হবে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

এরপর ১৫ জুলাই আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

এবারের শেষ চার ফুটবল ইতিহাসেও জায়গা করে নিয়েছে বিশেষ এক কারণে। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চারটি দেশ একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

এর আগে সর্বোচ্চ দুটি শীর্ষ র‍্যাংকধারী দল একই আসরের সেমিফাইনালে খেলেছিল। শুধু তাই নয়, ১৯৭০ ও ১৯৯০ সালের পর তৃতীয়বারের মতো এমন একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অংশ নেওয়া চার দলেরই অন্তত একবার করে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ, এবার শেষ চার মানেই চার বিশ্বচ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াই।

প্রথম সেমিফাইনালে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন মুখোমুখি হবে নতুন এক ফুটবলীয় দ্বৈরথে। একদিকে টিকিটাকার ছন্দে মুগ্ধ করা বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে গতিময় ও ভয়ংকর ফ্রান্স।

দুই দলের লক্ষ্য একটাই-ফাইনালের টিকিট নিশ্চিত করে বিশ্বজয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে যাওয়া।
অন্য সেমিফাইনালে আলো থাকবে লিওনেল মেসি ও হ্যারি কেইনকে ঘিরে।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে আত্মবিশ্বাসে উজ্জীবিত আর্জেন্টিনা। অন্যদিকে জুড বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সে ডার্ক হর্স নরওয়েকে বিদায় করে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড।

এই ম্যাচটি আবেগেরও। এক পাশে রয়েছে লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অভিযানের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ। অন্য পাশে হ্যারি কেইনের নেতৃত্বে দীর্ঘদিনের বিশ্বকাপ শিরোপা খরা কাটানোর প্রত্যয়ী ইংল্যান্ড।

শক্তি, অভিজ্ঞতা, ইতিহাস, তারকা আর দুর্দান্ত ছন্দ-সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল হতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়গুলোর একটি। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা শুধু দুটি মহারণের।

ডালাস ও আটলান্টার লড়াই শেষে কারা পৌঁছাবে স্বপ্নের ফাইনালে, আর কারা থেমে যাবে শিরোপার দুয়ারে-সেই উত্তর মিলবে খুব শিগগিরই।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি