ক্যান্সারের কাছে হার মানলেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৭:১৩

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়ার আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোররাত ৪টা ১৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে লাইফ সাপোর্টে নেন।

শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার ভোররাতে তিনি চিরবিদায় নেন। সাবেক এই প্রতিমন্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা নাহিয়ান চৌধুরী।

নজরুল ইসলাম চৌধুরীর আকস্মিক এই প্রয়াণে তাঁর নির্বাচনী এলাকা চন্দনাইশ ও সাতকানিয়াসহ পুরো চট্টগ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করছেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের ওআর নিজাম রোড সংলগ্ন ‘বিভারলি হিল সোসাইটি’ এলাকায় তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর চিরচেনা নির্বাচনী এলাকা চন্দনাইশে।

আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশের ঐতিহাসিক কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করার কথা রয়েছে।

সাবেক এই প্রতিমন্ত্রীর মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো।

দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তিনি একজন সজ্জন ও উন্নয়নকামী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি