আঁধার নামল অসমীয়া চলচ্চিত্র জগতে। রূপালি পর্দার চিরচেনা সেই হাসিমুখ, সাবলীল অভিনয় আর মায়াবী উপস্থিতির অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবীণ অভিনেত্রী পূরবী শর্মা।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুয়াহাটিতে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে আশঙ্কাজনক অবস্থায় পূরবী শর্মাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে তাঁর মরদেহ শান্তিপুরে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।
সেখানে পরিবারের সদস্য, দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা এই গুণী অভিনেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।
‘আজলি নবৌ’ থেকে ‘রাগিণী’: এক অবিস্মরণীয় যাত্রা অসমীয়া চলচ্চিত্রের অন্যতম পরিচিত ও সম্মানিত মুখ ছিলেন পূরবী শর্মা।
আঞ্চলিক চলচ্চিত্র শিল্পে কয়েক দশক ধরে তার অবিস্মরণীয় অবদান দর্শক কখনোই ভুলবার নয়। ‘আজলি নবৌ’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটেছিল এই প্রতিভাবান অভিনেত্রীর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
তার ক্যারিয়ারের শুরুর দিকের অন্যতম সফল চলচ্চিত্র ‘রাগিণী’ জাতীয় পুরস্কার লাভ করে, যা তার অভিনয় জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে।
এক নজরে পূরবী শর্মার বর্ণিল ক্যারিয়ার, ডেবিউ চলচ্চিত্র: আজলি নবৌ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা: রাগিণী, জনপ্রিয় চলচ্চিত্র: পরভাত, টেলিভিশন ধারাবাহিক: গেটওয়ে ও স্মরণীয় মিউজিক ভিডিও: জুয়া বোসোরে (জুবিন গার্গের সাথে)।
ছোট পর্দা ও প্রজন্মের সেতুবন্ধন দীর্ঘ ক্যারিয়ারে ‘পরভাত’ এর মতো বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে যেমন তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন, তেমনি ‘গেটওয়ে’র মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায়ও ব্যাপক খ্যাতি লাভ করেন।
চলচ্চিত্র ও টেলিভিশন-উভয় মাধ্যমেই তার দুর্দান্ত ও প্রাণবন্ত অভিনয় একাধিক প্রজন্মের দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিল।
ক্যারিয়ারে কুলদা কুমার ভট্টাচার্যের মতো প্রখ্যাত তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। শুধু অভিনয়েই নয়, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়নেও তিনি ছিলেন সমান সক্রিয়। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অসমীয়া’ এবং ‘প্রাগ সিনে অ্যাওয়ার্ডস’সহ বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্মের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এই সম্মানিত ব্যক্তিত্ব।
তরুণ প্রজন্মের কাছেও পূরবী শর্মা ছিলেন সমান জনপ্রিয় ও সমাদৃত। প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের সঙ্গে ‘জুয়া বোসোরে’ নামক একটি অত্যন্ত জনপ্রিয় রোমান্টিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন তিনি; যা তরুণ দর্শকদের মাঝে আজও এক অন্যরকম আবেগের জায়গা জুড়ে রয়েছে।
ব্যক্তিগত জীবনে পূরবী শর্মা অসমীয়া সংস্কৃতির আরেক নক্ষত্র, প্রখ্যাত অভিনেতা, লেখক ও নির্মাতা তপন দাসের সঙ্গে দাম্পত্যজীবনে আবদ্ধ ছিলেন।
তাঁর এই আকস্মিক প্রস্থানে পুরো অসমীয়া সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একটি যুগের অবসান ঘটলেও, পূরবী শর্মা বেঁচে থাকবেন তাঁর কালজয়ী সৃষ্টির মাঝে, দর্শকদের হৃদয়ে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

