লোহাগাড়া প্রতিনিধি : নিজের চেনা গাঁয়ের সড়কে পা রাখতেই মুহূর্তে সব ওলটপালট হয়ে গেল। চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের এক নির্মম ধাক্কায় ঘটনাস্থলেই থেমে গেল ৫৯ বছর বয়সী আব্দুল আলমের জীবনের স্পন্দন।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় এই হৃদয়বিদারক মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত কৃষক আব্দুল আলম স্থানীয় বাসিন্দা মরহুম জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই সোমবার সকালেও নিজ জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন আব্দুল আলম।
কাজ শেষ করে মূল সড়কে উঠে বাড়ি ফেরার উদ্দেশ্যে হাঁটা শুরু করতেই পেছন থেকে আসা একটি দ্রুতগতির মাহিন্দ্রা ট্রাক্টর তাকে সজোরে সপটে ধাক্কা দেয়। বিকট শব্দে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ট্রাক্টরের প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই তার জীবনপ্রদীপ নিভে যায়।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার করুণ বাস্তবতা নিশ্চিত করে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছিল।
পরবর্তীতে স্বজনদের আকুল আবেদন ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
ক্ষেতের কাজ সেরে যার ফিরে আসার কথা ছিল স্বজনদের মুখে হাসি ফোটাতে, তার এই আকস্মিক ও করুণ বিদায়ে উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি/রায়হান

