সেবা’র পোশাকের নিচে ইয়াবার চালান: কক্সবাজার এক্সপ্রেসে হাতেনাতে ধরা স্টুয়ার্ড

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ১৭:১৫

পর্যটন নগরী কক্সবাজার থেকে যাত্রীসেবার আড়ালে ট্রেনে করে রাজধানীতে মাদকের চালান সরবরাহের এক চাঞ্চল্যকর অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে র‍্যাব-৭।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঝটিকা অভিযান চালিয়ে ‘কক্সবাজার এক্সপ্রেস‘ ট্রেনের এক স্টুয়ার্ডকে ব্যাগভর্তি ৪ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ট্রেন স্টুয়ার্ডের নাম মো. মাহাবুর রহমান (২০)। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের অধিবাসী। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৬০ হাজার টাকা।

ঘটনার বিবরণীতে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কঠোর নজরদারি ও অবস্থান নেয় র‍্যাব-৭ এর একটি চৌকস দল।

গোয়েন্দা তথ্য ছিল-কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের এক কর্মী বিপুল পরিমাণ ইয়াবার একটি চালানের বাহক হিসেবে কাজ করছেন।

বিকেল ৪টা ২ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছালে শুরু হয় র‍্যাবের সুনির্দিষ্ট পর্যবেক্ষণ।

ট্রেন থামার পর ‘জ’ বগি থেকে এক যুবক কালো কাঁধের ব্যাগ নিয়ে নিচে নেমেই প্ল্যাটফর্মে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পান।

মুহূর্তেই চতুরতার সাথে কেটে পড়ার চেষ্টা চালালে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাঁকে জাপটে ধরেন।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে মাহাবুর রহমানের সঙ্গে থাকা কালো রঙের ব্যাগটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সুকৌশলে লুকানো কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ হাজার ৮৫০ পিস লালচে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকের এ জাতীয় অভিনব রুটের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি