চট্টগ্রাম বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ১৭:৩৯

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সাম্প্রতিক সময়ে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সংশোধিত ও চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে লিখিত পরীক্ষা শুরু হবে এবং ৯ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে সব বিষয়ের ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা।

মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংশোধিত রুটিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে স্থগিত পরীক্ষার নতুন পর্ব শুরু হবে। এরপর ২২ আগস্ট অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা।

২৪ আগস্ট একসঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ২৭ আগস্ট

এরপর ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর

সবশেষে ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কেন্দ্রে উপস্থিতি: প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ নির্ধারিত আসনে অবস্থান নিতে হবে।

৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই পরীক্ষাটি পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হবে।

ব্যবহারিক পরীক্ষা: ব্যবহারিক পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত তথ্যের জন্য পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র প্রধানের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে, জরুরি ও বিশেষ প্রয়োজনে প্রকাশিত এই সময়সূচিতে যে কোনো পরিবর্তন আনার পূর্ণ অধিকার বোর্ড সংরক্ষণ করে। পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটলো।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি