নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ডিবির একটি বিশেষ টিমের গোপন অবস্থান। লক্ষ্য-এক যুগ ধরে অপরাধের নানা খাতায় নাম থাকা এক দুর্ধর্ষ অপরাধী।
অবশেষে অভিযান সফল। পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপনে থাকা মো. শাহীন (৩৪) নামের সেই ব্যক্তিকে এক একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকার পূবালী মাঠ সংলগ্ন এলাকায় পরিচালিত হয় এই আকস্মিক অভিযান।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাহীনের মূল বাড়ি কুমিল্লার চান্দিনা থানার সাতগাঁও (অজি বাড়ি) এলাকায়। তিনি ঐ এলাকার মো. মজিবের ছেলে।
তবে দীর্ঘদিন ধরে তিনি খুলশীর আমবাগান এলাকার সিরাজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
স্থানীয়ভাবে সাধারণ মানুষের কাছে স্বাভাবিক জীবনযাপনের আড়াল বজায় রাখলেও, নেপথ্যে তিনি জড়িয়ে পড়েছিলেন ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও নানা নাশকতামূলক কর্মকাণ্ডে।
নগর গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি ব্যবহার করে শাহীন নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
কেবল অপরাধমূলক কর্মকাণ্ডই নয়, সাম্প্রতিক সময়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনার সঙ্গেও তার সম্পৃক্ততার শক্তিশালী প্রমাণ ও গোয়েন্দা তথ্য পেয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, শাহীনের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তার গ্রেফতার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করা হচ্ছে।
অভিযান শেষে গ্রেফতারকৃত শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। ডিবির এই দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নগরজুড়ে প্রশংসা কুড়াচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

