কক্সবাজারের দরিয়ানগর এলাকায় কোনো প্রকার নিরাপত্তার তোয়াক্কা না করে পরিচালিত প্যারাসেইলিংয়ে সুতো ছিঁড়ে পর্যটক সৌভিক রায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মূল আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ফরিদ (৪৫)। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার আব্দুল হাই ও রাজিয়া খাতুনের ছেলে।
ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা এই আসামিকে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-১৫ ও র্যাব-৪।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরপুর থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ স্বীকার করেছেন, ঘটনার পরপরই বিচার এড়াতে তিনি কক্সবাজার থেকে পালিয়ে রাজধানীতে আশ্রয় নিয়েছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মামলার নথিসূত্রে জানা যায়, গত ১ আগস্ট দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় চরম নিরাপত্তাহীনতা ও অবহেলার শিকার হন ৩১ বছর বয়সী অক্ষর সৌভিক রায়।
বাতাসে ওড়ার কিছুক্ষণ পরেই আচমকা ছিঁড়ে যায় প্যারাসেইলিংয়ের প্রধান রশি। কোনো রক্ষাকবচ না থাকায় মুহূর্তের মধ্যে আকাশ থেকে গভীর সমুদ্রে আছড়ে পড়েন সৌভিক।
অভিযোগ রয়েছে, আকস্মিক এ দুর্ঘটনার পর সেখানে জরুরি কোনো উদ্ধার ব্যবস্থা ছিল না। চালক ও পরিচালকদের দায়িত্বজ্ঞানহীনতায় দীর্ঘ সময় পানিতে ভেসে থাকার পর সৌভিককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে-কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি আনন্দের ভ্রমণ মুহূর্তের মধ্যে বিষাদে রূপ নিলে পুরো দেশে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই মূল অভিযুক্ত মো. ফরিদসহ সংশ্লিষ্ট সবাই এলাকা ছেড়ে গা-ঢাকা দেয়।
ঘটনার পর ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। আসামির অবস্থান সুনির্দিষ্ট হওয়ার পর ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত তথ্য ও আলামতসহ আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পর্যটননগরী কক্সবাজারে এমন অব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ বিনোদনের নামে পর্যটকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার পেছনে আর কারা জড়িত, তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

