আমরা মদিনার ইসলামে আছি, সহীহ লাইনে বিএনপি: বাবুনগর মাদ্রাসায় স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬ ১৯:১৭

কওমি আলেমদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে না, বরং সঠিক ইসলামিক দর্শনেই পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, আমরা সহীহ লাইনে আছি। আমরা মদিনার ইসলামে আছি। রাসুলুল্লাহ (সা.) এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ ও চর্চার ওপরই আমাদের অবস্থান।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আকিদা রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান ইসলামের মৌলিক বিশ্বাসের প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ‘ইসমতে আম্বিয়া’ (নবী ও রাসুলদের নিষ্পাপতা) এবং সাহাবিদের ‘মিয়ারে হক’ (সত্যের মাপকাঠি) হিসেবে মানে না, তাদের বিরুদ্ধে আলেম-ওলামাদের সোচ্চার হতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই তাৎপর্যপূর্ণ বক্তব্যে উপস্থিত আলেম মহলে নানা বিশ্লেষণ তৈরি হলেও তিনি সরাসরি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত জীবন ও ধর্মীয় ভাবগাম্ভীর্য তুলে ধরে তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ধার্মিক এবং একজন প্র্যাক্টিসিং মুসলিম। আপনাদের সঙ্গে আমাদের রাজনৈতিক নয়, দ্বীনি ও আত্মিক সম্পর্ক। আপনারা শুধু দোয়া করবেন, যাতে আমরা দেশে শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি বজায় রাখতে পারি।

আন্দোলনে হেফাজত আমিরের ভূমিকা স্বরাষ্ট্র মন্ত্রী বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের আমিরের বীরত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি স্মৃতিচারণ করে বলেন, আন্দোলনের দিনগুলোতে তিনি একাধিকবার হেফাজত আমিরের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন ইসলামী দলকে ঐক্যবদ্ধ করতে এবং ‘জালেমদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার সংগ্রামে’ হেফাজত আমির যে অভিভাবকতুল্য ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও যোগ করেন, হেফাজত আমির স্পষ্ট করে বলেছেন-তারা কোনো রাজনৈতিক দল নন, বরং ইসলামের সুরক্ষা ও আমানত রক্ষাই তাদের মূল লক্ষ্য।

আলেমদের ৯ দফা দাবি ও সরকারের অঙ্গীকার মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯টি মৌলিক দাবি পেশ করা হয়।

দাবিগুলোর প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯২ ভাগ মুসলমানের এই বাংলাদেশে কুরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন পাস হবে না-এই গ্যারান্টি আমরা পুনর্বার দিচ্ছি।

আলেমদের মামলার বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত তা যাচাই-বাছাই করে প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হবে।

শাপলা চত্বরের বিচার প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, আমি কথা দিয়েছিলাম আপনারা শুধু মামলা করুন, বাকি দায়িত্ব আমাদের। মামলা হয়েছে, চার্জশিটও দাখিল হয়েছে-এখন শুধু সুষ্ঠু বিচারের অপেক্ষা।

উচ্চপর্যায়ের প্রতিনিধি দল হেফাজত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাবুনগর মাদ্রাসায় উপস্থিত হয়।

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং হুম্মাম কাদের চৌধুরী।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি