স্বপ্ন আর সম্ভাবনার রঙিন সূচনা: সাউদার্ন ইউনিভার্সিটিতে টিএইচএম ৪২ ও ৪৩ ব্যাচের বরণ উৎসব

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৭:০৭

একঝাঁক নতুন স্বপ্ন, চোখে-মুখে অদম্য সম্ভাবনা আর ক্যাম্পাসের চিরচেনা প্রাণচাঞ্চল্যে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের থমকে থাকা আবহাওয়ায় যুক্ত হলো নতুন উন্মাদনা।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) প্রোগ্রামের শিক্ষার্থীদের সক্রিয় সংগঠন ‘হসপিটালিটি স্টুডেন্টস লিডারশিপ কাউন্সিল (এইচএসএলসি)’ এর উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেশার্স রিসেপশন-২০২৬’।

গত ১৭ই আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ‘দ্যা গ্যালারি’তে জমকালো এই আয়োজনে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় টিএইচএম প্রোগ্রামের নবীন ৪২ ও ৪৩ ব্যাচের শিক্ষার্থীদের।

শিক্ষক, সিনিয়র শিক্ষার্থী এবং নবীনদের পদচারণায় পুরো গ্যালারি মুখরিত হয়ে ওঠে এক উৎসবমুখর মিলনমেলায়।

অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। এরপর নবীনদের দিকনির্দেশনা ও শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের গুণী শিক্ষকবৃন্দ।

উচ্চশিক্ষার বৈশ্বিক গুরুত্ব, দক্ষ নেতৃত্ব গঠন, পেশাগত দক্ষতা অর্জন এবং দ্রুত বিকাশমান আতিথেয়তা শিল্পে (হসপিটালিটি ইন্ডাস্ট্রি) সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার নানা দিগন্ত তুলে ধরেন তাঁরা।

আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এইচএসএলসির একটি চমৎকার ভিজ্যুয়াল উপস্থাপনা। এতে সংগঠনটির প্রতিষ্ঠা, মূল লক্ষ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শিক্ষার্থীকৈন্দিক নানা মানবিক ও সাংস্কৃতিক উদ্যোগের গল্প তুলে ধরা হয়।

পেশাগত শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক বিকাশে এই সংগঠনের অবদান উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

বক্তব্য পর্বের পর আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত-উদযাপনের মিষ্টি স্বাদ! শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে কেক কেটে ৪২ ও ৪৩ ব্যাচের নবীনদের ‘টিএইচএম পরিবারে’ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

এরপরই শুরু হয় প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনায় চোখ ধাঁধানো নৃত্য ও সুরের মূর্ছনায় মেতে ওঠে পুরো মিলনায়তন।

বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী তাঁদের বক্তব্যে স্পষ্ট করেন যে, কেবল পাঠ্যপুস্তকের একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়; বরং সত্যিকারের সফল হতে হলে প্রয়োজন নেতৃত্ব গুণাবলী, সৃজনশীলতা এবং সুদৃঢ় মানবিক মূল্যবোধ।

ক্লাবের প্রতিনিধি ৩৯ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ হোসেন অত্যন্ত আবেগের সাথে জানান, নতুন আসা ছোট ভাই-বোনদের আমাদের টিএইচএম পরিবারের সাথে সহজভাবে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনগুলোকে চিরস্মরণীয় করে রাখাই ছিল এইচএসএলসি-এর মূল উদ্দেশ্য।

আনন্দ, উদ্দীপনা ও হাজারো স্মৃতির মেলবন্ধনে শিক্ষক, সিনিয়র ও নবীন শিক্ষার্থীদের এক ফ্রেমে বাঁধানো ফ্রেমবন্দি দলীয় আলোকচিত্র (গ্রুপ ফটো) এর মধ্য দিয়ে পর্দা নামে স্মরণীয় এই ফ্রেশার্স রিসেপশন-২০২৬-এর।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি