দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। জাতীয় সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে একই স্থানে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। গণনা শেষে বিকেল ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। একাধিক সংবাদমাধ্যমও ফলাফলটি নিশ্চিত করেছে।
আরও পড়ুন
ঘোষিত ফল অনুযায়ী, মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে ১৬৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মির্জা ফখরুল।
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোট
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে এবারের নির্বাচন বিশেষ তাৎপর্য বহন করছে। ১৯৯১ সালের পর দীর্ঘ সময় রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়নি। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ছিলেন মোট ৩৪৯ জন সংসদ সদস্য। তবে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ওই আসনের কোনো ভোটার ছিলেন না। অন্যদিকে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসাজনিত কারণে বিদেশে থাকায় ভোট দিতে পারেননি। শেষ পর্যন্ত ৩৪৩টি বৈধ ভোট পড়েছে।
কারা ভোট দিলেন
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংসদ সদস্যরা।
নির্বাচনের আগে থেকেই সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের বিজয় অনেকটাই প্রত্যাশিত ছিল।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বিপক্ষে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ না থাকায় ভোটের ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের অনিশ্চয়তাও ছিল না।
শেষ পর্যন্ত ভোটের ফলেও সেই হিসাবেরই প্রতিফলন দেখা গেল-ফখরুলের পক্ষে ২৫৫ ভোট, অলি আহমদের পক্ষে ৮৮।
ফল ঘোষণার পর শুভেচ্ছা
ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরাও তাঁকে অভিনন্দন জানান।
দীর্ঘ রাজনৈতিক পথচলার পর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের এই অভিষেক দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।
রাষ্ট্রপতি নির্বাচনের এবারের ভোট শুধু একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন নয়, দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংসদীয় ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ধারাও ফিরিয়ে আনল।
অপেক্ষা এখন শপথের
নির্বাচন শেষ, ফলাফলও ঘোষণা হয়ে গেছে। এখন অপেক্ষা নতুন রাষ্ট্রপতির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের।
চিফ হুইপের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। বর্তমান সাংবিধানিক পরিস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ পড়াবেন বলে জানানো হয়েছে।
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে নতুন অধ্যায়ের সূচনা হলো, তার কেন্দ্রবিন্দুতে এখন এক নাম-মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

