ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সের নারী শৌচাগারে গোপন ক্যামেরা!

পরিচ্ছন্নতাকর্মী জিতু পাল আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৪:৩৪

বিনোদন কেন্দ্র হিসেবে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট এলাকার ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় অবস্থিত ‘স্টার সিনেপ্লেক্স’ রূপ নিয়েছিল হাজারো সিনেপ্রেমীর আস্থা ও স্বস্তির ঠিকানায়।

কিন্তু শুক্রবার রাতের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই নিরাপত্তাবেষ্টনীকেই বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সিনেমা দেখতে এসে স্বস্তির বদলে চরম আতঙ্ক আর বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো এক নারীকে।

ঘটনার বিবরণী অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সাথে সিনেমা দেখতে যান ওই ভুক্তভোগী নারী। একপর্যায়ে তিনি ষষ্ঠ তলার ওয়াশরুমে প্রবেশ করলে দেখতে পান, একটি মোবাইল ফোনের মাধ্যমে গোপনে তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করার চেষ্টা করা হচ্ছে।

উপস্থিত বুদ্ধিমত্তা ও সাহসিকতা দেখিয়ে তিনি তাৎক্ষণিকভাবেই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলেন।

ভুক্তভোগীর শোরগোলে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনটি তল্লাশি করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মোবাইল ফোনে শুধু ওই নারীরই নয়, বরং বিভিন্ন সময়ে ধারণ করা আরও বহু নারীর গোপন ভিডিও পাওয়া গেছে।

ঘটনাস্থল থেকেই আটক করা হয় অভিযুক্ত জিতু পালকে (২৩)। তিনি চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বাসিন্দা এবং গত সাত-আট মাস ধরে ওই স্টার সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে পাঁচলাইশ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আসামিকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্র জানিয়েছে, বাজেয়াপ্ত করা মোবাইল ফোনের ভিডিওগুলো গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং অপরাধের মাত্রা ও পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিনেমা হলের মতো স্পর্শকাতর স্থানে কর্মীদের এই ধরনের জঘন্য আচরণ এবং কর্তৃপক্ষের তদারকির অভাব সাধারণ দর্শকদের নিরাপদ বিনোদন লাভের ক্ষেত্রে তৈরি করেছে গভীর উদ্বেগ।