বেড়াতে যাওয়ার আনন্দ রূপ নিল মাতমে,নাজিরহাট সড়কে বাসের ধাক্কায় তামিমের মৃত্যু

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৫:১৮

বাড়ি থেকে বের হওয়ার সময় হয়তো প্রিয়জনদের বলে এসেছিলেন-দ্রুতই ফিরে আসব। কিন্তু ঘাতক বাসের এক নিমেষের বেপরোয়া গতি আর নির্মম ধাক্কা তরুণ তামিমের সেই ফেরা আর হতে দিল না।

বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হয়ে নিভে গেল একটি তাজা প্রাণ।

শনিবার রাত তখন ১১টা। হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় চারদিক নিস্তব্ধ হয়ে আসছিল।

এমন সময় ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার মুন্সি মিয়ার ২৫ বছর বয়সী ছেলে মো. তামিম একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন হাটহাজারীর ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকায়।

স্বজনদের সাথে কুশল বিনিময়ের আনন্দ নিয়ে তিনি রওনা দিয়েছিলেন।

কিন্তু মনিয়াপুকুর পাড় এলাকায় পৌঁছাতেই পেছন থেকে ছুটে আসে একটি দ্রুতগতির ঘাতক বাস। অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিয়ে অন্ধকারে মিলিয়ে যায় চালক ও বাসটি। মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায় তামিমের স্বপ্ন আর জীবনের গতি।

দুর্ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকা তরুণ তামিমকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা ছুটে যান হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসকদের আর কিছু করার ছিল না।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান ভারাক্রান্ত মনে জানান, রাত সাড়ে ১১টার দিকে মারাত্মক আহত অবস্থায় ওই তরুণকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু ঘটে।

একটি বেপরোয়া গতি কেড়ে নিল মুন্সি মিয়ার তরুণ সন্তানের জীবন, আর পরিবারকে রেখে গেল কখনো পূরণ না হওয়া এক শূন্যতার সাগরে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি