চিকিৎসা ও শিক্ষার নামে নগরে গড়ে উঠেছে সুরম্য সব ইমারত। অথচ চকচকে দেয়ালের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে অগ্নিনিরাপত্তার ঝুঁকি আর পার্কিংয়ের নামে জালিয়াতির চরম চিত্র।
নকশা অমান্য করে গড়ে তোলা এসব প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সোমবার নগরের পাঁচটি শীর্ষস্থানীয় হাসপাতাল ও একটি ইংরেজি মাধ্যম স্কুলে হঠাৎ অভিযান চালান সিডিএ চেয়ারম্যান। এ সময় পার্কিংয়ের জায়গায় দোকানপাট ও সিলিন্ডার বসানোসহ ভবন নির্মাণের অনুমোদন না মানার নানা ভয়াবহ দৃশ্য সামনে আসে।
ল্যানসেট হাসপাতাল:
অভিযানে ল্যানসেট হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরো একটি আবাসিক ভবনেই চালানো হচ্ছে হাসপাতাল। যেখানে সাধারণ মানুষের নিরাপত্তার ন্যুনতম তোয়াক্কা করা হয়নি। পার্কিংয়ের জায়গায় গাড়ি না রেখে বসানো হয়েছে বাণিজ্যিক দোকানপাট, আর অগ্নিনির্বাপণ ব্যবস্থা তো প্রায় নেই বললেই চলে।
এমন বিশৃঙ্খল পরিবেশ দেখে প্রতিষ্ঠানটিকে সব ঘাটতি শুধরে নিতে এক মাসের সময় বেঁধে দিয়েছে সিডিএ। নির্দিষ্ট সময়ে সমাধান না হলে ভবনটি ভেঙে ফেলাসহ কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ট্রিটমেন্ট ও শেভরন:
চিকিৎসা কেন্দ্র ট্রিটমেন্ট হাসপাতালে দেখা মেলে আরও উদ্বেগজনক চিত্র। গাড়ি রাখার নির্ধারিত জায়গায় রেখে দেওয়া হয়েছে অতিদাহ্য ও বিপজ্জনক সিলিন্ডার। পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে মূল অনুমোদিত নকশাসহ সিডিএ কার্যালয়ে তলব করা হয়েছে।
অন্যদিকে, নামজাদা শেভরন হাসপাতালের বেজমেন্টে পার্কিংয়ের সুবিধা থাকলেও নকশা অনুযায়ী নিচতলায় নির্ধারিত কোনো পার্কিং দেখা যায়নি। রোগীদের যানবাহন যাতায়াতের উপযোগী পরিবেশ তৈরি এবং নিচতলার নকশাবহির্ভূত অংশ সরাতে প্রতিষ্ঠানটিকে তিন মাসের সময় দেওয়া হয়েছে।
বেলভিউ, আল হিদায়াহ স্কুল ও উৎসব সুপারমার্কেট
অভিযানের সময় বেলভিউ হাসপাতালের পার্কিং ব্যবস্থা নিয়ে সিডিএ কর্মকর্তা সন্তোষ প্রকাশ করলেও, অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত স্থানে সাধারণ পার্কিং চলায় তা দ্রুত ঠিক করার নির্দেশ দেন।
একই দিন আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে দেখা যায়, সেখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থাই রাখা হয়নি। ফলে স্কুল কর্তৃপক্ষকে এক মাসের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার লিখিত অঙ্গীকারনামা দিতে হয়েছে।
এছাড়া উৎসব সুপারমার্কেট কর্তৃপক্ষকে আগামীকালের মধ্যে তাদের অনুমোদিত নকশাসহ সিডিএ কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
নগরের যানজট নিরসন ও জীবন সুরক্ষা নিশ্চিত করতে এ লড়াই থামবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সিডিএ।
সিডিএ কর্তৃপক্ষের বার্তা স্পষ্ট-নকশা ব্যত্যয় ঘটিয়ে বা সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে কোনো বাণিজ্যিক বা সেবা প্রতিষ্ঠানকে চট্টগ্রামে ছাড় দেওয়া হবে না।
নগরীর সুশৃঙ্খল পরিবেশ ফেরাতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

