নতুন একটি মোটরসাইকেল। কতশত স্বপ্ন, কত আনন্দ! বারৈয়ারহাট বাজার থেকে বাইকটি কিনে দুই বন্ধু একসঙ্গে হাসিমুখে রওনা হয়েছিলেন বাড়ির পথে।
কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। মাত্র কয়েক কিলোমিটার পথ যেতেই ঘাতক লরি কেড়ে নিল দুই তরুণের প্রাণ।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন-মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।
পড়াশোনার পাশাপাশি তারা দুজনই আবুতোরাব বাজারের একটি ল্যাবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনেরা জানান, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেলটি কিনে শুভ ও ওমর আনন্দে মেতে ওঠেন। দুই ঘনিষ্ঠ বন্ধু নতুন বাইকে চেপে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান শুভ। আর গুরুতর আহত অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হৃদয়বিদারক এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, শুভ আর ওমর দুজন কেবল বন্ধু ছিল না, ছিল একে অপরের আত্মার আত্মীয়।
একসঙ্গে বাইক কিনতে গিয়েছিল বারৈয়ারহাটে। কিন্তু সেই নতুন বাইকই যে ওদের মৃত্যুর কারণ হবে, তা কে জানত!
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনার পর নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক গাড়ি ও সার্বিক বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একই সঙ্গে দুই তরুণের এমন অকালমৃত্যুতে মঘাদিয়া ইউনিয়নে এখন শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সন্তানদের হারিয়ে কান্না থামছে না দুই পরিবারের স্বজনদের।

