বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ-৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পাঁচ দিনজুড়ে দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১২:৫৬

উত্তাল হয়ে উঠছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর গভীর সাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপের প্রভাবে উপকূলজুড়ে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া।

যেকোনো সময় সাগর আরও রূপ বদলাতে পারে-এমন আশঙ্কায় দেশের প্রধান চার সমুদ্রবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক বিশেষ বার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
আবহাওয়া কর্মকর্তা ও গবেষকদের মতে, এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এর প্রভাবে গভীর সমুদ্রের পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
উত্তাল ঢেউ আর মাতাল হাওয়ার দরুন চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এই সতর্কবার্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সমুদ্রের ওপর নির্ভরশীল হাজারো জেলে ও মাঝিমাল্লাদের নিরাপত্তায়।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার প্রতিটি নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। অতল সাগরে জীবন ও জীবিকার লড়াইয়ে থাকা মানুষগুলোর নিরাপত্তার কথা ভেবেই এই বাড়তি সতর্কতা।
আবহাওয়া পূর্বাভাস: আগামী পাঁচ দিন যেমন থাকবে আবহাওয়া

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে লঘুচাপের সম্ভাব্য গতির চিত্র তুলে ধরা হয়েছে।

প্রথম ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্র তুলে ধরে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার থেকে বুধবার পর্যন্ত পরিস্থিতি খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই চার দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির ধারা বজায় থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ নামতে পারে। এ সময়ে দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে কিংবা অপরিবর্তিত থাকতে পারে।
সংস্থাটির বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস বলছে, মেঘ ও বৃষ্টির এই ধারাবাহিকতা আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
উপকূলীয় এলাকায় উত্তাল ঢেউ আর দেশের ভূখণ্ডে বৃষ্টির এই যুগলবন্দী আরও কয়েক দিন বজায় থাকছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি