বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার মহাজান ঘাটায় সজল স্যানিটারী হোম সার্ভিসের সামনে বসানো পুলিশের চেকপোস্ট দেখে চমকে ওঠেন এক কাভার্ডভ্যান চালক।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে গাড়ি থামিয়ে মুহূর্তের মধ্যেই চাবি ও গাড়ি ফেলে ভোঁ-দৌড় দিয়ে চম্পট দেন তিনি।
চালকের এমন রহস্যজনক পলায়নে সন্দেহ দানা বাঁধে দায়িত্বরত পুলিশ সদস্যদের মনে।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঢাকা মেট্রো-অ-১৪-০৫৫২ নম্বরের ওই কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালায় পুলিশ। চালকের আসনের পেছনে নজর পড়তেই মিলে যায় কাঙ্ক্ষিত উত্তর। সেখান থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবার চালান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, পুলিশের চেকপোস্ট দেখে কভার্ডভ্যানটি ফেলে রেখেই চালক পালিয়ে যায়।
পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনের অংশ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইয়াবা চালানের সাথে জড়িত মূল চক্র এবং পলাতক চালককে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

