গ্রামের একটি সাধারণ সকাল যে হঠাৎ এমন রোমাঞ্চকর ও রূপ নিয়ে হাজির হবে, তা হয়তো ভাবেননি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপের বাসিন্দারা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগানে দেখা মেলে এক বিশালাকার বার্মিজ অজগরের। বাগানের নিরাপত্তা জালে আটকে পড়া সাপটিকে দেখতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বটতল এলাকার একটি বাগানের ঘেরাও দেওয়া নিরাপত্তা জালে অজগরটি পেঁচিয়ে আটকে পড়ে। জালে বন্দি হয়ে বের হতে না পেরে অজগরটি ছটফট করছিল।
বিশাল এই সাপটি দেখে প্রথমে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয়রা কোনোপ্রকার হিংস্র আচরণ না করে তাৎক্ষণিকভাবে খবর দেন বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম’-এর একটি চৌকস দল।
অপারেশনের বিবরণ দিয়ে উদ্ধারকারী দলের সদস্য আমীর হোসাইন শাওন জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। নিরাপত্তা জালে অজগরটি বেশ শক্তভাবে আটকে ছিল।
আমরা অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সাথে সকাল সাড়ে ১০টার দিকে জাল কেটে অজগরটিকে অক্ষত ও নিরাপদে বের করে আনতে সক্ষম হই।
তিনি আরও জানান, উদ্ধার করা অজগরটি বার্মিজ প্রজাতির। পরিমাপ করে দেখা যায়, অজগরটির ওজন প্রায় ১৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।
সাধারণত এরকম পরিস্থিতিতে বন্যপ্রাণীর ক্ষতি হওয়ার ঝুঁকি থাকলেও বোয়ালখালীর স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারী দল দেখিয়েছেন ব্যতিক্রমী মানবিকতা।
অজগরটি শারীরিকভাবে সুস্থ থাকায় এবং উদ্ধার অভিযান সফল হওয়ার পর স্থানীয়দের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সাপটিকে লোকালয়ের বাইরের একটি কৃষিজমিতে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


