এলপিজির দাম সামান্য কমল, সেপ্টেম্বরে ১২ কেজির সিলিন্ডার ১৫৮৫ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৫

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বরের জন্য কিছুটা কমানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন ঘোষণা অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করা হয়। নতুন এই দাম আজ বুধবার সন্ধ্যা থেকেই দেশজুড়ে কার্যকর হবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর ওপর ভিত্তি করেই ১২ কেজির সিলিন্ডারের খুচরা মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ টাকা, যা আগস্ট মাসে ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

এর আগে গত আগস্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছিল। তবে জুলাই মাসে আগের মাসের ১ হাজার ৮৮৫ টাকা থেকে একলাফে ৩৫৭ টাকা কমিয়ে দর ১ হাজার ৫২৮ টাকায় নামানো হয়।

বাসাবাড়ির সিলিন্ডারের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামেও সামান্য ছাড় মিলেছে।

সেপ্টেম্বর মাসের জন্য অটোগ্যাসের প্রতি লিটার মূল্য ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে এর দর ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

অন্যদিকে, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা তরল এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

আমদানি কাঁচামালের আন্তর্জাতিক বাজারদর ও ডলারের বিনিময়মূল্য বিবেচনা করে প্রতি মাসেই এলপিজির দাম পুনঃনির্ধারণ করে থাকে বিইআরসি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি