চট্টগ্রামের হালিশহরের দবিরখাল এলাকা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গতকাল বুধবার ভোররাতে পরিচালিত এক অভিযানে পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাক ও সার স্থানান্তরের প্রস্তুতি ভেস্তে দিয়ে এই তিনজনকে হাতেনাতে ধরে বাহিনীটি।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর ভোর চারটার দিকে হালিশহর থানার দবিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম।
অভিযান চলাকালে দেখা যায়, উপকূলীয় এলাকা দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তর করা হচ্ছে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিন পাচারকারীকে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ২২০ বস্তা (১১ হাজার কেজি) রাসায়নিক সার এবং পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধার করা সারের চূড়ান্ত গন্তব্য ছিল মিয়ানমার।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা রাসায়নিক সার, পাচার কাজে ব্যবহৃত ট্রাক এবং আটক তিন পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত ও উপকূলীয় এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ডের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


