চট্টগ্রামের তিন থানায় ওসির বড় রদবদল: কোতোয়ালীতে জাহেদুল কবির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫৩

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিনটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক আদেশে এই পদে রদবদল করা হয়।

সিএমপির সিদ্ধান্ত অনুযায়ী, বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবিরকে কোতোয়ালী থানার দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে ডবলমুরিং মডেল থানার ওসি মো. শাহীনূর আলমকে স্থানান্তর করা হয়েছে বাকলিয়া থানায়। অন্যদিকে, ডবলমুরিং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সালকে পদোন্নতি দিয়ে ওই থানারই নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়।

এর আগে সোমবার কোতোয়ালী থানার তৎকালীন ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হলে পদটি ফাঁকা হয়। একদিনের মাথায় সেখানে নতুন দায়িত্ব পেলেন জাহেদুল কবির।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থেই এই আদেশে পরিবর্তন আনা হয়েছে এবং তা দ্রুত কার্যকর করা হবে।