চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক গোলপাহাড় থেকে জিইসি মোড়। প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যাতায়াত এই পথে।
তবে এতদিন অবৈধ দখল, অস্থায়ী দোকান আর ফুটপাতে ফেলে রাখা জিনিসপত্রের ভিড়ে সাধারণ পথচারীদের হেঁটে চলাই যেন হয়ে উঠেছিল এক মহা দুর্ভোগের নাম।
এবার নগরবাসীর সেই ভোগান্তি নিরসনে ও পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কঠোর অবস্থানে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নগরের এই গুরুত্বপূর্ণ সড়কে সশরীরে উপস্থিত হয়ে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
অভিযানকালে সড়কের দু’পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান, অস্থায়ী অবকাঠামো ও চলাচলের পথ আটকে রাখা নানা ধরনের প্রতিবন্ধকতা এক এক করে সরিয়ে দেওয়া হয়।
মেয়রের উপস্থিতিতে চসিকের উচ্ছেদ টিম মুহূর্তে উন্মুক্ত করে দেয় পথচারীদের চলাচলের পুরো ফুটপাত।
অভিযান শেষে কড়া বার্তা দিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ফুটপাত কোনো ব্যবসার জায়গা নয়, ফুটপাত কেবলই পথচারীদের অবাধ ও নিরাপদ চলাচলের জন্য। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা কিংবা মালামাল রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
নগরবাসীর সুবিধার্থে এই পদক্ষেপ অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের এই দখলমুক্ত অভিযান নিয়মিত চলবে। কোনো প্রভাবশালী বা স্বার্থান্বেষী মহলকে ছাড় দেওয়া হবে না।
অভিযানকালে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের কঠোরভাবে সতর্ক করে দেন মেয়র।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত সীমানার বাইরে মালামাল রাখা বা ফুটপাত দখল করে ব্যবসা করার চেষ্টা করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নগরের সৌন্দর্য, শৃঙ্খলা এবং সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে তিনি স্থানীয় সকল ব্যবসায়ীকে সিটি কর্পোরেশনের নিয়ম-কানুন ও নির্দেশনাবলী কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
চসিক মেয়রের এই ঝটিকা অভিযানে উচ্ছেদ হওয়া ফুটপাত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ পথচারীরা।
তাদের আশা, নিয়মিত তদারকির মাধ্যমে এই পথ যেন চিরতরে দখলমুক্ত থাকে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


