লাইসেন্স বা কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই সরকারি খাদ্যশস্য মজুত ও অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে চট্টগ্রামে একটি ময়দার মিলকে বড় অংকের জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠান থেকে জব্দ করা হয়েছে ১২০ দশমিক ০৫ টন লাল গম।
গত ১০ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরের বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।
এসআরবি-৭, চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি ওই মিলের ওপর নজরদারি শুরু করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে দেখা যায়, কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই মিলের গুদামে ১ লাখ ২০ হাজার ৫০ কেজি (১২০.০৫ টন) লাল গম মজুত করে রাখা হয়েছে।
সরকারি খাদ্যশস্যের নীতিমালা তোয়াক্কা না করে এ ধরনের অবৈধ ব্যবসা পরিচালনার সত্যতা মেলায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
নিয়মবহির্ভূতভাবে খাদ্যশস্য মজুত রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি গুদামে মজুতকৃত পুরো লাল গম রাষ্ট্রীয় হেফাজতে জব্দ করা হয়েছে।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জরিমানার অর্থ আদায় সাপেক্ষে জব্দ করা খাদ্যশস্যের বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
জনস্বার্থ রক্ষায় এবং সরকারি খাদ্যশস্যের অবৈধ মজুত ও চোরাকারবার প্রতিরোধে প্রশাসনের এই ধরনের সাঁড়াশি অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


