শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে সেখানে কিছু সময় অবস্থান করবেন তিনি।
এর আগে একই দিন সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং বিকেলে রাজশাহীতে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরে রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।


