back to top

ফটিকছড়ির রিকশাচালক সন্তোষের হাত-পা বাঁধা মরদেহ মিলল খালে

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ০৭:০২

চট্টগ্রামের ফটিকছড়িতে ১১ দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া রিকশা চালক সন্তোষ নাথের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের লালপুল সংলগ্ন এলাকার একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত সন্তোষ নাথ একই ইউনিয়নের লালপুল এলাকার বাসিন্দা পরিমল নাথের ছেলে। মরদেহটি উদ্ধারের সময় পরনে ছিল একটি লুঙ্গি ও এস্ রঙের শার্ট।

নিহতের বাবা পরিমল নাথ জানান, তার ছেলে ১১ দিন আগে (৯ জুলাই) থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে লেলাং খাল থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। টাকা-পয়সা সংক্রান্ত ঝামেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে খাল থেকে মরদেহটি উদ্ধার করে টিম ফটিকছড়ি।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।