back to top

নিউমার্কেট মোড়ে আগুনে দাউ দাউ করে জ্বলছে বাস

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ১৪:৫১

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বাস থেকে যাত্রী নামার পর দুর থেকে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুর্বৃত্তরা। মুহুর্তেই বাসটি দাউ দাউ করে আগুনে পুড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, ৬টা ৪৫ মিনিটের সময় তারা খবর পায়। আগুন নিয়ন্ত্রণে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।

বাসটির চালক আবদুর রহিম জানান, বাসটি (জ ১১-১১০৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রী নিয়ে নিউমার্কেট মোড়ে পৌছালে যাত্রী নামার সময় একজন বাইরে থেকে পেট্রোল বোমার মতো কিছু একটা ছুড়ে মেরে পালিয়ে যায়।

তখন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কোন ক্ষতি হয়নি। তবে বাসে আগুন ধরে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, বাসে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে আছি। তদন্তের পর জানা যাবে আগুন লাগার প্রকৃত কারণ।