back to top

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১১:৪৪

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগসহ নানা দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা থেকে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় শিক্ষা বোর্ড ভবনের সামনে শুরু হয় এ বিক্ষোভ। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে স্লোগান দেন।

শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ জ্বালোরে জ্বালো আগুন জ্বালোসহ নানা স্লোগান দেন। এ সময় মুরাদপুর থেকে বহদ্দারহাটগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুরো পথে লেগে যায় দীর্ঘ যানজট।

সড়কে অবস্থানকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ‘ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ফলে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাতে দেশের সকল শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত।

এ অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় বসা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু, সরকারের শিক্ষা উপদেষ্টা পরীক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা না করে প্রথমে এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানান।

পরে রাত তিনটায় পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হয়। আমরা জানতে পেরেছি, শিক্ষা সচিবের বিরোধিতার কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে দেরি হয়েছে। আমরা অবিলম্বে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করছি।’

তারা আরও বলেন, ‘মাইলস্টোন কলেজে সরকার নিহতের যে হিসেব দিচ্ছে সেটা অবিশ্বাস্য। সেখানে মরদেহ গুম করা হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং ঘটনার ন্যায়বিচার চাই।’

জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘কিছু শিক্ষার্থী বোর্ডের সামনে এসে বিক্ষোভ করেছে।

তবে তারা লিখিতভাবে আমাদের কিছু জানায়নি। তাদের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা সম্মত হননি। কিছুক্ষণ অবস্থান করে তারা আবার চলে গেছেন।’