চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আলী বাপের পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রেললাইন থেকে ওই দিনমজুরের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দিনমজুরের নাম মো. হাসান (৪২)। তিনি একই ইউনিয়নের হাদুর পাহাড় এলাকার সৈয়দ আহমেদের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় তাঁর একটি পানের বরজ রয়েছে। সেখানে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। তবে রাত ১০টার দিকে রেললাইনের পাশে তাঁর ছিন্নভিন্ন লাশ পাওয়া যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনিরুল মাবুদ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তার ধারণা, ট্রেনে কাটা পড়ে দিনমজুর হাসানের মৃত্যু হয়েছে। তবে কখন, কীভাবে ট্রেনে কাটা পড়েছেন, তা নিশ্চিতভাবে তিনি বলতে পারেননি।



