চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসার মহাপরিচালক ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী ১৪ বছর আগে হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে খালাস পেয়েছেন।
আজ সোমবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক আবু হান্নান এ রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আবদুস সাত্তার সরোয়ার বলেন, আসামিদের বিরুদ্ধে সাক্ষীরা অপরাধ প্রমাণ করতে পারেননি। এ জন্য আদালত আসামিদের খালাস দিয়েছেন।
মামলায় মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ আট আসামি খালাস পান। বাকি সাত আসামি হলেন মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির ও আবদুল্লাহ আল আমিন।
২০১০ সালের ১৩ ডিসেম্বর রাউজান রাবারবাগান গোদারপাড় এলাকার পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে র্যাব। সেদিন ঘটনাস্থল থেকে ধর্মীয় বইসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
পরে ওই ঘটনায় মুফতি ইজহারসহ আটজনের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। বিস্ফোরক মামলাটি বিচারাধীন রয়েছে।
মুফতি ইজহারের আইনজীবী আবদুস সাত্তার বলেন, সে সময় র্যাব তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে জঙ্গি নাটক সাজিয়েছিল। কিন্তু সাক্ষ্যপ্রমাণে তা প্রমাণ করা যায়নি। এ জন্য আদালত খালাস দিয়েছেন।


